প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা। এ প্রসঙ্গে বুধবার (১মে) সংবাদ সম্মেলন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নগর গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদ খালি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (৪৫)। তিনি নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে বরিশাল নগরী ও বিভিন্ন জায়গার কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এ বিষয়ে গত ২৯ এপ্রিল বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী নগরীর দক্ষিণ আলেকান্দার আব্দুর রহমানের ছেলে তরিকুল ইসলাম অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরপরই আমরা এই প্রতারকের সন্ধানে নামি।নগর গোয়েন্দা শাখার পরিদর্শক ছগির হোসেন প্রযুক্তির মাধ্যমে প্রতারক শাকিলকে গত মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার মিরপুরের কাফুরল এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি ভুয়া আইডিকার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের আইডি কার্ড উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়দানকারী শাকিল বরিশাল নগরীর রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন যাবত এই প্রতারণা চালিয়ে আসছে বলেও জানান তিনি। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরিকুল ইসলাম।